
ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণে সংশ্লিষ্টদের সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। একই সঙ্গে এলাকায় পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সড়কের দুই পাশে মাটি ভরাট করে ব্যাপক বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৫ জুলাই) আমিনবাজার এলাকায় সরেজমিন পরিদর্শন শেষে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন।
পরিদর্শনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। এতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়েছে।
এ সময় জেলা প্রশাসক বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিনবাজারে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সব বর্জ্য অপসারণ করা হবে এবং ভবিষ্যতে যাতে সেখানে আর ময়লা ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বর্তমান স্থানের পরিবর্তে দূরবর্তী এলাকায় উপযুক্ত খাস জমি চিহ্নিত করে একটি নির্ধারিত ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। এতে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে বর্জ্য ফেলার প্রয়োজন হবে না।
মিজ ফরিদা খানম আরও বলেন, সড়কের দুই পাশে মাটি ভরাট করে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সেখানে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি রাজধানীর প্রবেশপথকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলবে।
তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সাভার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাভার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দফতরকে আগামী সাত দিনের মধ্যে সড়কের দুই পাশের সব ময়লা-আবর্জনা অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জেলা প্রশাসনকে জানাতেও বলা হয়েছে।