
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম উলুকান্দি গ্রামের দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় সরকার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ওয়াসিমের চাচা মো. জহিরুল ইসলাম জানান, বিকেলে গরুকে ঘাস খাওয়ানোর পর গোয়ালঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ওয়াসিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক বলেন, “ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
স্থানীয়রা জানান, বিকেলে এলাকাজুড়ে মেঘলা আবহাওয়া ও বজ্রসহ বৃষ্টি চলছিল। এ সময় বজ্রপাতের শব্দে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।