
দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আগামী দুই দিন বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, সোমবার (২৩ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া মঙ্গলবার (২৪ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের এই ধারা সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে। ফলে নদীবন্দর ও উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়ার বিষয়ে সতর্কতা জারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।