
আগামী চার দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল রোববার (৬ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৭ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ দিন বৃষ্টিপাতের পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এবং অন্যান্য বিভাগে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় আবহাওয়াবিদরা নদ-নদী তীরবর্তী, পাহাড়ি ও নিচু এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন।