
বাংলাদেশ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে অর্থনৈতিক সংস্কার, জলবায়ু সহনশীলতা এবং দক্ষ জনশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) জাপানের টোকিওতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চুক্তি অনুযায়ী, ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা শক্তিশালীকরণে উন্নয়ন নীতি ঋণ’ কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারকে প্রায় ৪২২ মিলিয়ন মার্কিন ডলার (৬০ বিলিয়ন জাপানি ইয়েন) সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করবে জাইকা। এই ঋণ অর্থনৈতিক পুনরুদ্ধার, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।
এই কর্মসূচির আওতায় সরকারি প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হবে। সহ-অর্থায়নকারী হিসেবে থাকবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংক।
এছাড়া, ‘জেডিএস স্কলারশিপ ২০২৫’ অনুদান চুক্তির আওতায় সম্ভাবনাময় ৩৩ জন সরকারি কর্মকর্তাকে জাপানের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এই স্কলারশিপে ৩০ জন মাস্টার্স ও ৩ জন পিএইচডি পর্যায়ে পড়াশোনা করবেন। অনুদান সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০৬ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৪.২২ মিলিয়ন ডলার)।
চুক্তি স্বাক্ষরের আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি ‘এক্সচেঞ্জ অব নোটস’ (ই/এন) স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে এ পর্যন্ত ৫৯১ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জেডিএস স্কলারশিপে জাপানে উচ্চশিক্ষা অর্জন করেছেন। নতুন চুক্তির মাধ্যমে এই সংখ্যা আরও বাড়বে এবং বাংলাদেশের নীতিনির্ধারণ ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রশিক্ষিত কর্মকর্তাদের ভূমিকা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।