ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

২০৩০ সালে বাংলাদেশ হবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ । ১১৭ জন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা: দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ চরম জলবায়ু ঝুঁকির মুখে পড়বে। উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা ও উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পারিবারিক স্তরেও ঝুঁকি বহুগুণে বাড়বে।

প্রধান অতিথি পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, “জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। দেশে জলবায়ু অভিযোজনের অনেক নীতি থাকলেও বাস্তবায়ন চ্যালেঞ্জিং।” তিনি জানান, কিছু পাইলট প্রকল্প চলমান রয়েছে এবং অন্যান্য বিভাগের সমন্বয়ে বাংলাদেশ বিশেষ পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করছে।