ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

হিমকন্যা পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, নামছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ । ১১০ জন

উত্তরের হিমকন্যা পঞ্চগড়ে বিদায় নিচ্ছে কার্তিক মাস, বাড়ছে শীতের দাপট। জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা আর শীতল হাওয়ায় জমতে শুরু করেছে শীত, ভোর থেকে রাত পর্যন্ত হিমেল বাতাসে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরের সবুজ ঘাসে চিকচিক করছে শিশিরবিন্দু, আর সকালে মিষ্টি রোদে কুয়াশা ভেসে বেড়াচ্ছে প্রকৃতিতে। দিনভর রোদে খানিকটা উষ্ণতা থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের শীতলতা। ফলে লেপ-কম্বল, সোয়েটার ও চাদর হাতে নিতে শুরু করেছেন স্থানীয়রা।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়সহ আশপাশের জেলাগুলোর হাটবাজারে শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। স্থানীয় বাজারে পুরোনো কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, “রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, মনে হয় শীত এসে গেছে।”

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “এ অঞ্চলটি দেশের শীতপ্রধান জেলা হিসেবে পরিচিত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতে শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।”