
স্বাস্থ্য সেবা বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি আবাসিক বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দেওয়া নিষিদ্ধ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে ইতোমধ্যে যারা সরকারি বাসা ভাড়া দিয়েছেন, তাদের দ্রুত ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্য কারও কাছে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে নিজেই ওই বাসায় বসবাস করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।