
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বিপুল পরিমাণ মূল্যবান সাদা খনিজ পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পাথর লুটের ঘটনায় প্রশাসন হয় যোগসাজস করেছে অথবা নীরব থেকেছে। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সিদ্ধান্ত হবে।”
এ সময় তিনি জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সহযোগিতায় তিস্তা মহা প্রকল্পের কাজ শুরু হবে। দশ বছরের এই প্রকল্পের লক্ষ্য হবে নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ।
বিদেশে বাংলাদেশ মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা নেই এবং উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা হয়নি। তিনি স্পষ্ট করেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না— এটি একটি রাজনৈতিক দলের বক্তব্য। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”