
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের অনেক স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
লঘুচাপের অবস্থান
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আজকের আবহাওয়া
আজ রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী দিনের পূর্বাভাস
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর): একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। তবে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
রবিবার (৭ সেপ্টেম্বর): সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।