
সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের তিন বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস প্রকাশ করেছে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে সামান্য কমতে পারে।
রবিবার (২১ ডিসেম্বর) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২২ ডিসেম্বর) সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা রাত এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ ডিসেম্বর) সারাদেশে আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরের দিকে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচদিনের শুরুতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।