ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের আন্দোলন, পথচারী ও যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ । ১০৮ জন

রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সাইন্সল্যাব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে যানবাহনের দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে। অনেক পথচারী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ গাড়িতে বসে যানজট ছাড়ার জন্য অপেক্ষা করছেন।

ঠিকানা পরিবহনের যাত্রী শাহজালাল আহমেদ বলেন, “অনেক যানজটে বসেছিলাম। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হয়েছে। এমন যানজট যাত্রীদের জন্য খুবই ভোগান্তিকর। নিয়মিতভাবে পথ আটকানো হচ্ছে, যা স্বাভাবিক চলাচলে বিরূপ প্রভাব ফেলে।”

আরেক পথচারী শরিফ হাসান বলেন, “সব দিক থেকে রাস্তা ব্লক। জরুরি যাতায়াতকারীদের বেশি অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতি চলতে পারে না।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সাইন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়েও অবরোধ কর্মসূচি চলবে।

এই আন্দোলনের মূল কারণ হলো, রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়া। শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির জন্য গত ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছিলেন।

শহরের সরকারি সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।