
বাংলাদেশে সবুজায়ন ও উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নে সৌদি আরবের সহযোগিতা কামনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এই আহ্বান জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দেশে সবুজায়ন এবং উপকূলীয় লবণাক্ত অঞ্চলে স্থানীয় জনগণের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং-এর মাধ্যমে সুপেয় পানি সরবরাহ উদ্যোগে সৌদি সরকারের সহযোগিতা চান।
সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আসন্ন ইসলামিক কনফারেন্সের ৫ম সেশনে পরিবেশ উপদেষ্টার অংশগ্রহণের আহ্বান জানান এবং দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
পরে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি রাবার শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণা, রপ্তানি সুযোগ বৃদ্ধি ও নীতিগত সহায়তার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খায়রুল হাসান, যুগ্মসচিব (আইন) শাহানারা ইয়াসমিন লিলিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।