ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ । ৬৩ জন

রাজধানী ঢাকা ও দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে বজ্রবৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এমন পরিবর্তনের কারণে রাজধানীসহ উপকূলীয় ও আশপাশের অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।