
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে ভোর থেকেই দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের কারণে উপকূলীয় ও নদী-সংলগ্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে। এ পরিস্থিতিতে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীতে রাস্তায় জমে থাকা পানি এবং বাতাসের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপের এই প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া চলমান থাকতে পারে।