
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এ শীত মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এর আগে শনিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।
টানা এক সপ্তাহ ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার সঙ্গে হালকা হিমেল বাতাস বইতে থাকায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, চা শ্রমিক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষ। শিশু ও বয়স্কদের মধ্যেও শীতজনিত রোগের ঝুঁকি বাড়ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, রোববার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।