
আশ্বিনের শেষপ্রান্তে এসে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস ও কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন। এরই মধ্যে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কয়েক দিন ধরেই রাতে ও ভোরে দেখা দিচ্ছে হালকা কুয়াশা, বাড়ছে শীতের আমেজ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এতে ভোরের বাতাসে তৈরি হয় স্নিগ্ধ ও শীতল পরিবেশ, যা স্থানীয়দের কাছে শীতের আগমনী বার্তা হিসেবে ধরা দিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকলেও আজকের এই পতন মৌসুমি পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন তারা।
ভোরের সময় জেলার বিভিন্ন এলাকায় পড়ছে হালকা কুয়াশা। আজ সকালে কুয়াশার সঙ্গে যুক্ত হয়েছে মৃদু ঠান্ডা হাওয়া। স্থানীয় বাসিন্দারা জানান, জানালা খুললেই চোখে পড়ে ধোঁয়াটে কুয়াশার চাদর। অনেকে হাঁটতে বের হন, কেউ গরম চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করেন এই কুয়াশাময় সকাল। শীতে আক্রান্ত হওয়ার ঝুঁকি এড়াতে শিশু ও বয়স্কদের অনেকেই হালকা গরম কাপড় পরতে শুরু করেছেন।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এটি মৌসুমি পরিবর্তনের লক্ষণ। এখন থেকে প্রতিদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।”
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ দিক থেকেই উত্তরের জেলাগুলোতে শীতের প্রভাব বাড়তে শুরু করে। এবারও তেঁতুলিয়াকে ঘিরেই শীতের আগমনের সেই প্রথম আভাস মিলছে।