যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল তীব্র শীতকালীন দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট কার্যত অচল হয়ে গেছে। প্রবল তুষারঝড়, বেগবান বাতাস এবং বজ্রবৃষ্টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গার্ডিয়ান জানায়, সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন।
রোববার মধ্যরাত পর্যন্ত আইওয়ার ডেস মইনেস বিমানবন্দরে ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়—যা জানুয়ারি ২০২৪-এর পর শহরটির সর্বোচ্চ দুই দিনের তুষারপাত হিসেবে চিহ্নিত হয়েছে। একইভাবে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার একদিনেই ৮.৪ ইঞ্চি তুষারপাত হয়েছে। এটি শিকাগোর ইতিহাসে নভেম্বর মাসে সর্বোচ্চ তুষারপাতের নতুন রেকর্ড।
প্রবল তুষারঝড়ের কারণে সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবারই শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো নাজেহাল হয়ে পড়েছে, আর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নিম্নচাপের শক্তিশালী সক্রিয়তার কারণে এই অস্বাভাবিক শীতকালীন আবহাওয়ার সৃষ্টি হয়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


