হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে এক বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর বাজার এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে এমরান বাপ্পী নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে একটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কালিকাপুর ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
মাধবপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


