ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ । ১৭৬ জন

পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সারাদেশে পরিচালিত সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অভিযান চালানো হয়।

টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় ৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৯টি মামলায় ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এসময় চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী পরিচালিত অভিযানে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

ঢাকার নিকুঞ্জ এলাকায় যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় একটি মোবাইল কোর্ট ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।