ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

শক্তিশালী তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত ২৯, বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ । ৬৯ জন

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানা শক্তিশালী তুষারঝড়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত, জমাট বরফ ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ জানায়, টেক্সাসের ফ্রিস্কোতে স্লেজিং দুর্ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। অস্টিনে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যাঁর মৃত্যু হাইপোথার্মিয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লুইজিয়ানায় শীতজনিত ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। মিসিসিপিতে ঝড়ের কারণে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গভর্নর টেট রিভস।

এ ছাড়া আরকানসাসে স্লেজিং দুর্ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। নর্থ ক্যারোলাইনায় একটি মহাসড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে শহরের বিভিন্ন স্থানে পাঁচজনের মৃত্যু হয়েছে। কানসাসে এক নারীকে তুষারের নিচে চাপা অবস্থায় পাওয়া গেছে, যাঁর মৃত্যু হাইপোথার্মিয়ায় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ম্যাসাচুসেটসে তুষার পরিষ্কারকারী যানচাপায় এক নারী নিহত হয়েছেন। টেনেসিতে শীতজনিত কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত টেক্সাস থেকে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে প্রায় ২০ কোটির বেশি মানুষ তীব্র শীতের সতর্কতার আওতায় ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলের বড় অংশে আগামী কয়েক দিন ‘হিমশীতল বাতাস’ বয়ে যেতে পারে। অনেক এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ৬ লাখ ৭০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে। জমাট বৃষ্টিতে গাছ ভেঙে ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নর্দান মিসিসিপি ও টেনেসির বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

শীতকালীন ঝড়ের কারণে ভ্রমণ ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রজুড়ে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

এনডব্লিউএস জানায়, নিউ ইংল্যান্ডের কিছু অংশে তুষারপাত অব্যাহত থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।