ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

রাতের কম্পনের পর সাগরে ভূমিকম্প: দু’দফা দুলল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ । ২০৭ জন

ঢাকা, চট্টগ্রামসহ দেশের একাধিক স্থানে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরেও আলাদা একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) জানায়, রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।

এ কম্পনে ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কয়েকটি এলাকায় দুলুনির অনুভূতি পাওয়া যায়।

অন্যদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে আবারও ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। নরসিংদীর মাধবদীতে উৎপত্তিস্থল হওয়া ওই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশজুড়ে আরও কয়েক দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দিনের ব্যবধানে একাধিক ভূমিকম্প দেশের ভূমিকম্প ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনে দিয়েছে। জনসচেতনতা বৃদ্ধি ও ভবন কাঠামো ঝুঁকিমুক্ত করার তাগিদ দিচ্ছেন তারা।