ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

রাজশাহীতে শীতের তীব্রতা বজায়, একদিনে তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ । ১১৬ জন

রাজশাহীতে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের দাপট কমেনি। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে।

রাজশাহীর নগর ও গ্রামাঞ্চলে শীতের কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। কুয়াশার ঘনত্ব কম থাকলেও হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রার অনুভূতি আরও কমে যাচ্ছে।

শীতের তীব্রতার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বুধবার বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। তিনি আরও বলেন, রাজশাহীতে আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে।