ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, জেঁকে বসেছে তীব্র শীত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ । ১১৯ জন

সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। হঠাৎ করে তাপমাত্রা ব্যাপকভাবে কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

এর আগের দিন সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে শীতজনিত দুর্ভোগ বেড়েছে।

ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে রাজশাহী নগরী ও আশপাশের এলাকা। কোথাও কোথাও সূর্যের দেখা মিলতে দেরি হচ্ছে। ফলে সড়কপথে যান চলাচলেও কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা কাজে যেতে পারছেন না নিয়মিত। পাশাপাশি শিশু ও বৃদ্ধদের মধ্যে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপও বাড়ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে তীব্র শীতের এই অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। তিনি সবাইকে শীত থেকে সুরক্ষিত থাকতে মোটা কাপড় পরিধানের পরামর্শ দিয়েছেন।