ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  • অন্যান্য

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ । ৩১৭ জন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ অবস্থায় সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।