
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে ফুটবল ম্যাচ চলাকালে মাঠের ভেতর দিয়ে দ্রুতগতিতে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোসেস জানান, নিহতদের মধ্যে ছয় বছর বয়সী একটি বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। তাঁদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় ট্রাকটিতে ৩৪ বছর বয়সী নারী চালক ছাড়াও দুটি শিশু ছিল। দুর্ঘটনার পর ওই নারী চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা, নাকি নিছক দুর্ঘটনা-তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যাপ্টেন মোসেস বলেন, কীভাবে এবং কেন এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে কাজ করছেন তাঁরা।
উইচিটার পুলিশ প্রধান জো সুলিভান স্থানীয় বাসিন্দাদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি জানান, পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উইচিটার মেয়র লিলি উ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তদন্ত চলাকালে নগরবাসীকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানান।