মৌসুমি ঝড় বুয়ালোইয়ের তাণ্ডবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ফিলিপাইন ও ভিয়েতনামে অন্তত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ে এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩১ জন।
শনিবার বিকালের পর ফিলিপাইনে আঘাত হানে বুয়ালোই। তবে শুক্রবার থেকেই দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছিল। রোববার ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিকোল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কর্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, ল্যুজোন প্রদেশ ও ভিসায়াস অঞ্চলের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল। এসব এলাকায় নিহতদের মধ্যে বিকোল থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কর্ডিল্লেরা থেকে ৪ জন, ল্যুজোন থেকে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস ও বন্যায় ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকার জাতীয় সংস্থা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৯ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে।
অন্যদিকে সোমবার সকালে ঝড়টি আঘাত হানে ভিয়েতনামের উত্তর-মধ্যাঞ্চলে। এতে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১২ জন নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের তথ্য অনুযায়ী, উত্তর নিন বিন প্রদেশে ৯ জন এবং থান হোয়া, হিউ ও দা নাং এলাকায় আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সমুদ্রে নিখোঁজ রয়েছেন প্রায় ১৭ জন জেলে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই সুপার টাইফুন রাগাসার আঘাতে ফিলিপাইন ও তাইওয়ানে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: আনাদোলু


