ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  • অন্যান্য

মালয়েশিয়ার সাত রাজ্যে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ১১ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ । ১৬০ জন

মালয়েশিয়ায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত মোট ৩ হাজার ৮৩৯টি পরিবারের ১১ হাজার ৯ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো হলো-কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পার্লিস, তেরেঙ্গানু ও সেলাঙ্গর। বন্যায় বাস্তুচ্যুতদের জন্য এসব রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান। সেখানে ৮ হাজার ২২৮ জনের বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, কেলান্তানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ অঞ্চলটিতে এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এ ছাড়া রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লিসের ওয়াং কেলিয়ান গ্রামে টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় ৪০০ জন আটকা পড়েন। পরে স্থানীয় প্রশাসন তাদের উদ্ধার করে নিকটবর্তী উঁচু স্থানে থাকা একটি মসজিদে আশ্রয় দিয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার পূর্ব উপকূলে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষা মৌসুমে বন্যা প্রায় নিত্যদিনের ঘটনা। প্রতি বছর হাজার হাজার মানুষ এ সময়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে।

সূত্র: রয়টার্স