
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরশিদ মিয়া (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মুরশিদ ওই গ্রামের মৃত হোছেন আলীর ছেলে।
শনিবার (৩১ মে) দিবাগত রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মো. কামরুজ্জামান। এর আগে দুপুরে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক মুরশিদ মিয়া শৈলাগর হাওড়ে মাছ ধরতে যান। এ সময় হাওড়ের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।