
মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র না থাকায় তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে পরিচালিত অভিযানে প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার মুখে পড়া ইটভাটাগুলো হলো মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রসিকিউটর কমল কুমার বর্মন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।