ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৮, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ । ২০ জন

জেলার মাগুরা-যশোর মহাসড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে কাজল (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সীতারামপুর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা মো. রাকিবের স্ত্রী। এ ঘটনায় মারিয়া (১৮) নামে আরও এক নারী আহত হয়েছেন। তিনি সিমাখালী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সীতারামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা কাজল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ পুলিশ-এর রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ওসমান গনি বলেন, গুরুতর আহত অবস্থায় কাজলকে হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসা দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।