
পরিবেশগত ছাড়পত্র ও বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, ফসলি জমির মাটি কাটা এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে মাগুরার মহম্মদপুর উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এর মধ্যে পূর্বের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় ইটভাটা চালু রাখায় একটি ভাটার ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে পরিচালিত যৌথ অভিযানে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের শাহিনুজ্জামান ও মাজহারুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নাবা ব্রিকস’ এবং মো. নুরুল ইসলামের মালিকানাধীন ‘মেসার্স নদী ব্রিকস’ দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স ও অনুমতি ছাড়াই ইট উৎপাদন করে আসছিল। এ ছাড়া ভাটা দুটিতে আবাদি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা এবং কয়লার পরিবর্তে বনের কাঠ পোড়ানোর অভিযোগ রয়েছে।
এসব অপরাধের কারণে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটা দুটির আগুন ও চুল্লি নিভিয়ে দেওয়া হয়। এর আগে পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে ভাটা দুটির কার্যক্রম বন্ধের বিষয়ে দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়েছিল।
অন্যদিকে, গত ১০ নভেম্বর একই উপজেলার জাঙ্গালিয়ায় অবস্থিত ‘মেসার্স সীমান্ত ব্রিকস’-এ পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় কার্যক্রম চালু রাখায় সোমবারের অভিযানে ভাটাটির ব্যবস্থাপককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরিবেশ অধিদফতরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার উপস্থিতিতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর বিভিন্ন ধারায় এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম এবং পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তোতা মিয়া উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের দেওয়া ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ।