
মাউন্ট এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। সেখানে চলছে উদ্ধার অভিযান।
চীনের জিমু নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার (৪ অক্টোবর) সারাদিন অব্যাহত ছিল। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকার সড়কপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ সেখানে আটকা পড়েন।
চীনা কর্তৃপক্ষ জানায়, শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত রয়েছেন, যাতে দ্রুত আটকে পড়াদের কাছে পৌঁছানো যায়।
তিব্বতের টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি তাদের সরকারি উইচ্যাট পেজে জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণ স্থগিত করা হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, কয়েকজন পর্যটককে ইতোমধ্যে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনো অনেকে দুর্গম এলাকায় আটকে রয়েছেন, ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
চলমান প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় পর্যটন কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স