
ভোলায় টানা কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে, ঘন কুয়াশা ও তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) ভোলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোলা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মঙ্গলবার ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও শীতের কারণে সকাল থেকে সূর্য দেখা মেলেনি। ভোলার চারদিক ঢেকে রয়েছে কুয়াশায়, এবং সকাল সাড়ে ১০টা পর্যন্ত শিশির ঝরার সঙ্গে ঘন কুয়াশা বিরাজ করছিল।
তীব্র শীতের মধ্যেও নিম্ন আয়ের মানুষরা জীবিকার তাগিদে রাস্তায় বের হচ্ছেন। রিকশাচালক মো. ইব্রাহিম ও দিনমজুর মো. ফরিদ জানান, তীব্র শীত উপেক্ষা করেও কাজ না করলে পেটের ভাত জুটবে না, তাই সকাল সকাল তারা কাজে বের হয়েছেন। তবে আগের তুলনায় তাদের আয়-রোজগার কমে গেছে।