সারাদেশে ভোরের দিকে কুয়াশা পড়লেও দিনের বেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাশাপাশি শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে টেকনাফে।
আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (২০ ডিসেম্বর) দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (২১ ডিসেম্বর) রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।


