ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

ভোরে কুয়াশা বাড়ছে, তাপমাত্রায় আসছে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ । ১১৫ জন

সারাদেশে শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া বজায় থাকলেও তিন দিন পর রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার প্রবণতাও আরও বাড়বে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উত্তর তামিলনাড়ু উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশ এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ সক্রিয় আছে, যার বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

পূর্বাভাসে বলা হয়েছে-

আজ (৪ ডিসেম্বর): সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাত–দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২°C বদলগাছী ও তেঁতুলিয়ায়, আর সর্বোচ্চ ৩১.৪°C টেকনাফে।

৫ ডিসেম্বর: সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

৬ ডিসেম্বর: শুষ্ক আবহাওয়া থাকলেও রাত ও দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

৭ ও ৮ ডিসেম্বর: আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে-দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।