
ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (৫ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
এ ছাড়া ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনো ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।
সরকার জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে পাঠানো ২৯ হাজার ৫৬৭ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
ক্ষতিগ্রস্তদের জন্য এ পর্যন্ত ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য ও ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই দুই ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি