ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

ভূমি বিরোধ হ্রাসে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ । ১২৭ জন

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে ভূমি বিরোধ একটি দীর্ঘদিনের ও জটিল সামাজিক সমস্যা, যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাহত করছে। এ সংকট থেকে উত্তরণে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক জরিপ ও নির্ভুল ভূমি রেকর্ড থাকলে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা উল্লেখযোগ্যভাবে কমে আসে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ১৪১তম ‘সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি, উচ্চ জনসংখ্যার চাপ এবং সীমিত ভূমিসম্পদের কারণে বাংলাদেশে ভূমি শুধু সম্পদ নয়, বরং জীবিকা, মর্যাদা ও ক্ষমতার প্রতীক। ফলে ভূমিকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও সহিংসতা নীরব সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে সঠিক জরিপ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করতে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ এখন আরও বেশি প্রাসঙ্গিক। জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার কর্মকর্তাদের দক্ষতা বাড়ায় এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি নিশ্চিত করে। এ ক্ষেত্রে দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৫২ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের মোট ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসুফ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দীন নাগরী এবং ভূমি মন্ত্রণালয়ের ড. মো. মাহমুদ হাসান (গ্রেড-১)।

স্বাগত বক্তব্য দেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) ও কোর্স পরিচালক মো. মমিনুর রশীদ। অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।