
ভূমিকম্প মুহূর্তের মধ্যেই ভবন কাঁপিয়ে দিতে পারে। এই সময় মানুষ আতঙ্কে কী করবে বুঝে ওঠার আগেই ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সময় ঘরের ভেতরে যেসব জায়গা সবচেয়ে বিপজ্জনক-তা হলো জানালা, সিঁড়ি ও লিফট। ভুল জায়গায় অবস্থান করলে প্রাণহানির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পের সময় জানালা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান। কাঁচ ভেঙে ছিটকে যেতে পারে এবং তীব্র গতিতে পড়া কাচের টুকরো সহজেই মারাত্মক আঘাত করতে পারে। এছাড়া জানালার ধাতব ফ্রেমও ঝাঁকুনিতে ভেঙে মাথায় পড়তে পারে। এ ছাড়া জানালার পাশে থাকা তাক বা ভারী বস্তু হেলে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
সিঁড়িকেও ভূমিকম্পের সময় অত্যন্ত বিপজ্জনক এলাকা হিসেবে বিবেচনা করা হয়। কাঁপুনির সঙ্গে সঙ্গে সিঁড়ির ধাপ অসামঞ্জস্য হয়ে পড়ে, যার ফলে দৌড়ানোর সময় পড়ে গিয়ে বড় আঘাত লাগার সম্ভাবনা থাকে। ভূমিকম্প চলাকালীন অনেক সময় সিঁড়ি ফাটল ধরে বা ভেঙে যায়-এ অবস্থায় নিচে নামতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিঁড়ি দিয়ে দৌড়ে নামার পরামর্শ কখনোই দেওয়া হয় না।
সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে লিফট রয়েছে শীর্ষে। কারণ ভূমিকম্পের সময় লিফট হঠাৎ আটকে যেতে পারে, বিদ্যুৎ চলে যেতে পারে কিংবা লিফটের কেবল ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে। এতে লিফটের ভেতর আটকা পড়ার ঝুঁকি বাড়ে। আরও বড় বিপদ হলো-ভূমিকম্পের সময় লিফটের শ্যাফট বা দেয়ালে ফাটল ধরলে লিফট নিচে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে। তাই ভূমিকম্পে লিফট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, ভূমিকম্পের সময় নিরাপদ স্থান হলো মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া, অথবা লোড-বেয়ারিং দেয়াল বা কলামের পাশে অবস্থান করা। ভারী জিনিস, আলমারি, কাচ, সিঁড়ি ও লিফট থেকে যত দূরে থাকা যায়, তত বেশি নিরাপদ থাকা সম্ভব।
বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক করে বলেছেন-ভূমিকম্পের সময় আতঙ্কিত নয়, সচেতন সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। তাই জানালা, সিঁড়ি ও লিফট থেকে দূরে থাকা এবং সঠিক স্থানে আশ্রয় নেওয়ার নিয়ম সবাইকে জানা জরুরি।