ভূমিকম্পের ঝুঁকির কথা বিবেচনা করে দেশের তেল-গ্যাস অনুসন্ধান কূপগুলোতে ৪৮ ঘণ্টার জন্য খনন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (২৩ নভেম্বর) মন্ত্রণালয় থেকে খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে গ্রাহক প্রান্তে কোনো প্রভাব পড়বে না।
প্রসঙ্গত, দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা। ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও।
ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো-বার্মা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতি—এই দুই শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর ওপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প-অসহনশীল ভবনের ছড়াছড়ি বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে।


