দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে প্রতিবেশী ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল এসেছে। এতে চলতি এপ্রিলে এখন পর্যন্ত দুই দফায় মোট ১৩ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম জানিয়েছেন, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এই নতুন চালানটি পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়।
সূত্র জানায়, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে এখন পর্যন্ত ১৩ হাজার টন এসে পৌঁছেছে, বাকি ১২ হাজার টনও দুই ধাপে দ্রুত আসবে বলে আশা করা হচ্ছে।
আগের চালান অনুযায়ী, ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৬ এপ্রিল ৫ হাজার টন ডিজেল দেশে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাইপলাইনের মাধ্যমে নিয়মিত সরবরাহের ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন এর মাধ্যমে ২০২৩ সালের মার্চ থেকে বাংলাদেশে ডিজেল আমদানি শুরু হয়। এই পাইপলাইনের মাধ্যমে দীর্ঘমেয়াদে ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে।
এদিকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে। রোববার (১৯ এপ্রিল) থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।


