
৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার করেছে বন অধিদপ্তর। এটা ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় গত সোমবার বনভূমি পুনরুদ্ধারে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ ও ৩০৩-এর প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
অভিযানে মোট ৪৮ জন জবরদখলকারীর দখলে থাকা ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার মধ্যে দোকানপাট ও ভবনও ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।