ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

ভয়াবহ শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা ১৭ রাজ্যে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ । ১৫৩ জন

চরম বিপজ্জনক শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে চার হাজারের বেশি ফ্লাইট, আর রোববার (২৫ জানুয়ারি) আরও কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বরফে ঢাকা প্রধান সড়কগুলো চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ১৭টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফজমা ঝড়ের ঝুঁকিতে রয়েছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিন আবহাওয়া অত্যন্ত শীতল থাকবে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঝড়টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন এবং ১২টি রাজ্যের জন্য ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জনগণকে সতর্ক করে বলেন, ‘সাবধান থাকুন এবং উষ্ণ থাকুন।’

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ১৭টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংস্থাটির সচিব ক্রিস্টি নোয়েম বলেন, ‘দক্ষিণের প্রভাবিত রাজ্যগুলোর হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আমাদের ক্রু দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনে কাজ করছে।’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার–এর তথ্য অনুযায়ী, শনিবার চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার এই সংখ্যা ৯ হাজার ছাড়াতে পারে। এটি কোভিড-১৯ মহামারির পর একক দিনে সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা।

বিদ্যুৎ বিভ্রাটের মাত্রাও বাড়ছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এক লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন, যাদের বেশিরভাগই টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। ডালাসে তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় হিউস্টনের মেয়র বাসিন্দাদের পরবর্তী ৭২ ঘণ্টা ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।

ওকলাহোমা ও আর্কানসাসে ইতোমধ্যে প্রায় ১৫ সেন্টিমিটার তুষার জমেছে। মধ্যমার্কিন যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে, যা হাইপোথার্মিয়ার গুরুতর ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসিতে গাছ, বিদ্যুৎ তার ও সড়কে বরফ জমার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়টি পশ্চিম ও মধ্যযুক্তরাষ্ট্রে আঘাত হানার পর জনবহুল মিড-অ্যাটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাবে। এসব এলাকায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। নিউইয়র্ক সিটির মেয়র বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নিউ জার্সির গভর্নর বাণিজ্যিক যানবাহনের চলাচল সীমিত করে হাইওয়েতে সর্বোচ্চ গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা নির্ধারণ করেছেন।