ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, একিউআই ‘অতি খারাপ’ স্তরে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ । ২৯১ জন

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের সামগ্রিক বায়ু মান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ৩৮০, যা ‘অতি খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে।

ঘন ধোঁয়াশার কারণে শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রগতি ময়দানের কাছে ভৈরব মার্গ এলাকায় সকাল ৭টায় একিউআই ছিল ৪৩৩। সেখানে গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে চলাচল করতে দেখা গেছে।

দিল্লির ৪০টি বায়ু পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৬টিতে একিউআই ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। আনন্দ বিহারে একিউআই রেকর্ড করা হয়েছে ৪২৮ এবং জাহাঙ্গিরপুরিতে ৪২৫। এসব এলাকায় সবচেয়ে বেশি দূষণ ছড়াচ্ছে সূক্ষ্ম ধূলিকণা বা পিএম২.৫, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

ঘন দূষণের প্রভাবে আকাশ ও রেল যোগাযোগেও সমস্যা দেখা দিয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কম দৃশ্যমানতার কারণে কিছু ফ্লাইট দেরিতে চলতে পারে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লিসহ উত্তর ও পূর্ব ভারতের কয়েকটি শহরে কুয়াশার প্রভাব পড়তে পারে। এতে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনে বায়ুদূষণের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দূষণের মাত্রা বেশি থাকায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি