ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে দিল্লি, ১৭তম স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ । ২৯১ জন

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রায়ই শীর্ষে দেখা যায় ভারতের রাজধানী দিল্লিকে। আজও সেই চিত্র অপরিবর্তিত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরটির বায়ুদূষণ সূচক (একিউআই) স্কোর ছিল ১৬৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় দিল্লি বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, দিল্লির বায়ুদূষণের প্রধান কারণ বিপুল সংখ্যক যানবাহনের ধোঁয়া। বিশেষ করে পুরোনো ট্রাক, লরি ও বাসের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ায় শহরটি কালো কার্বনের (ব্ল্যাক কার্বন) আস্তরণে ঢেকে যায়। এর ফলে প্রায়ই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় পৌঁছে যায়।

অন্যদিকে, ঢাকার বাতাসে গতকালের তুলনায় আজ তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আজও শহরটির একিউআই স্কোর ৮৩, যা ‘মাঝারি’ শ্রেণিতে পড়ে। এ অবস্থায় ঢাকার অবস্থান তালিকার ১৭তম স্থানে। গতকালও একই স্থানে ছিল রাজধানী।

আজকের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার একিউআই স্কোর ১৭৮। দ্বিতীয় স্থানে কঙ্গোর রাজধানী কিনশাসা, স্কোর ১৬৫। এরপরই রয়েছে দিল্লি।

বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, একিউআই সূচক ৫০-এর নিচে থাকলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫০ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। তবে ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাস সরাসরি ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষণ উপাদানের ওপর ভিত্তি করে— সূক্ষ্ম বস্তুকণা (পিএম২.৫ ও পিএম১০), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ অবস্থায় শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাইরে দীর্ঘ সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন।