
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা। ১১ থেকে ১৭ অক্টোবর পরিচালিত এসব অভিযানে মদ, সিগারেট, ই-সিগারেট, আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন ও ওষুধ জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া ৩১৫ কেজি ওষুধসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য জব্দ করা হয়।
এদিকে, যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত আনা বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে।
এনবিআর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।