দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় দীর্ঘদিন শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমান সূচকে (একিউআই) আজ বড় ধরনের উন্নতি দেখা গেছে। বুধবার (৬ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে লাহোরের একিউআই স্কোর নেমে আসে মাত্র ৬৮-তে, যেখানে সাধারণত এটি ১৫০-র আশপাশে ঘোরাফেরা করে।
এই সূচক অনুযায়ী, ‘মাঝারি’ শ্রেণিতে থাকলেও শহরটির বাতাস বর্তমানে “ভালোর” কাছাকাছি অবস্থানে রয়েছে। এমনকি বায়ুদূষণের দিক থেকে আজ দিল্লির (৭৫) চেয়েও ভালো অবস্থানে রয়েছে লাহোর।
এদিকে, যুক্তরাষ্ট্রের শিকাগো আজ সকাল পর্যন্ত দূষিত বাতাসের শীর্ষ পাঁচ শহরের মধ্যে জায়গা করে নিয়েছে। কানাডার দাবানলের ধোঁয়ার কারণে শিকাগোর একিউআই স্কোর দাঁড়ায় ১১৮, যা “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” পর্যায়ে পড়ে। এতে শহরটি তালিকায় পঞ্চম স্থানে উঠে আসে।
শিকাগোর উপরের চারটি স্থানে ছিল- কঙ্গোর কিনশাসা (১৭১), বাহরাইনের মানামা (১৬৪), ইন্দোনেশিয়ার জাকার্তা (১৩৪), কাতারের দোহা (১২৭)।
অন্যদিকে, বাংলাদেশ রাজধানী ঢাকা এই সময় ৬৩ একিউআই স্কোর নিয়ে ‘মাঝারি’ শ্রেণিতে রয়েছে এবং তালিকার ৩৬তম স্থানে অবস্থান করছে।
একিউআই স্কোর অনুযায়ী বায়ুমানের স্তরভিত্তিক শ্রেণিবিন্যাস: ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর,৩০১ ও তদূর্ধ্ব: বিপজ্জনক
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১০১ ছাড়ালে সংবেদনশীল ব্যক্তিদের জন্য শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে এবং দীর্ঘ সময় বাইরে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষকের ভিত্তিতে- বস্তুকণা (PM₁₀ ও PM₂.₅), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂), ওজোন (O₃)
বায়ুদূষণের এই সূচক প্রতিদিনকার জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।


