ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

বায়ুদূষণে বিশ্বের তৃতীয় অবস্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ । ১১৭ জন

দীর্ঘদিন ধরেই তীব্র বায়ুদূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকা। বুধবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে।

একই সময়ে ৩৪৪ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। ভারতের দিল্লি শহর ৩১৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ভারতের কলকাতা শহর ২৮৭ স্কোর নিয়ে চতুর্থ এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো ২৩০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই স্কোর থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এদিকে, একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ ও ফুসফুসজনিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।