
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি আবারও দূষণ বেড়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
একই সময়ে ৩১৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এছাড়া ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে পাকিস্তানের করাচি, ২২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে চীনের চেংদু এবং ২১৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য নাগরিকদেরও বাইরে চলাচল ও শারীরিক কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে রাজধানীতে বায়ুদূষণের এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য আরও ভয়াবহ রূপ নিতে পারে।