
জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রেসিডেন্ট তানাকা আকিহিকো। বুধবার (২৯ মে) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে তানাকা আকিহিকো বাংলাদেশে টেকসই ও সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনে জাইকা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাইকার দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই পক্ষের আলোচনায় মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDI), আঞ্চলিক সংযোগ স্থাপন, শিল্পোন্নয়ন এবং তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয় উঠে আসে।
এছাড়াও, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারমূলক উদ্যোগ, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বাংলাদেশে জাইকার চলমান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ আগামী দিনে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।